সার্বিক গ্রাম উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষে বিগত ০২ জানুয়ারী ২০০১ খ্রিঃ তারিখে একনেক সভার সিদ্ধান্তক্রমে জুলাই’২০০০ হতে জুন’২০০৫ মেয়াদে প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় ১৪৯০০.৭৮ লক্ষ টাকা। পরবর্তীতে ২৭ জুন’২০০২ খ্রিঃ তারিখে প্রকল্পের নাম পরিবর্তন করে ‘‘পল্লী প্রগতি প্রকল্প (১ম সংশোধিত)’’ শিরোনাম নির্ধারণ করা হয়। প্রকল্পের মেয়াদ ০৩ বছর অতিক্রাম হওয়ার পর ২০০৩ সালের শেষ দিকে মূলত এর ঋণ কার্যক্রমসহ অন্যান্য অঙ্গভিত্তিক কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়। ২০০২-০৩ অর্থ বছরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাধ্যমে প্রকল্পের জনবল নিয়োগ প্রদান করা হয়। প্রকল্পটি দেশের ৪৭৬ টি উপজেলার ৪৭৬ টি ইউনিয়নে বাস্তবায়ন করা হয়। নানা কারনে প্রকল্পের কাঙ্খিত উদ্দেশ্য অর্জিত না হওয়ায় ‘‘পল্লী প্রগতি প্রকল্প (২য় সংশোধিত)’’ নামে এর মেয়াদ জুন’২০০৮ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরবর্তীতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ০১/৮/২০১০ খ্রিঃ তারিখের পত্র নং ১৭৮/১ মূলে পল্লী প্রগতি প্রকল্পের কার্যক্রম কর্মসূচি আকারে চলমান রাখার জন্য বিআরডিবিকে নির্দেশনা প্রদান করা হয়। তদপ্রেক্ষিতে বর্তমানে কর্মসূচিটি বিআরডিবি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। প্রকল্পের সামগ্রিক জনবল, ঋণ তহবিল, সম্পদ ও দায় কর্মসূচির জনবল, তহবিল, সম্পদ ও দায় হিসেবে পরিগনিত হয়েছে।
কর্মসূচির গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে দল গঠন, সদস্য ভর্তি, সঞ্চয় জমা, প্রশিক্ষণ, ঋণ বিতরণ ও আদায়, উদ্যোক্তা সৃষ্টি, জীবিকায়ন পল্লী গঠন ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম যেমন- নারীর ক্ষমতায়ন, বৃক্ষরোপন, স্যানিটেশন, যৌতুক বিরোধী সচেতনতা তৈরী, ইভটিজিং রোধে উদ্বুদ্ধকরণ ইত্যাদি উল্লেখযোগ্য। কর্মসূচির আওতায় দলের মাধ্যমে ব্যাক্তি পর্যায়ে ক্ষুদ্র ঋণ হিসেবে ৩০,০০০ হতে ১,০০,০০০ টাকা পর্যন্ত এবং উদ্যোক্তা ঋণ হিসেবে ১,০০,০০০ হতে ৫,০০,০০০ পর্যন্ত বিতরণ করা হয়। উভয় ঋণের সার্ভিস ফি ১১%। ক্ষুদ্র ঋণ এক বছর মেয়াদী এবং উদ্যোক্তা ঋণ ১৮ মাস হতে ২৪ মাস মেয়াদী হবে।